বরগুনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিওতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার বরগুনার আমতলী থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এরা হলেন সরোয়ার ডাকুয়া (৩০), জহিরুল ইসলাম (২৫) ও বেলাল হোসেন (২৫)। এদের বাড়ি আমতলী উপজেলার গাবতলী ও বগী গ্রামে।
চাকরি প্রার্থী সুমন মিয়া, আলতাফ হোসেন ও রীতা রানী সাংবাদিকদের বলেন, ‘মানব হিতৈষী সংস্থা ও রুপালি দারিদ্র্য বিমোচন সংস্থা’ নামের একটি এনজিও’র আমতলী উপজেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে সরোয়ার ডাকুয়া তার দুই সহযোগী জহিরুল ও বেলালকে নিয়ে সকালে আমতলী এ কে স্কুল এলাকায় এসে প্রায় ৫০ জনকে নিয়োগ দেন।
মাঠ জরিপকারী ও সুপার ভাইজারের চাকরির জন্য যথাক্রমে এক হাজার ও দুই হাজার করে টাকা নেন তারা। এ সময় সন্দেহ হলে কয়েকজন প্রার্থী তাদের আটক করে পুলিশে খবর দেন।
আটক সরোয়ার পুলিশকে বলেন, আসলে ওই নামের নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থা (এনজিও) নেই। তারা আমতলী ও তালতলী এলাকায় এভাবে প্রতারণা করে টাকা তুলছিলেন।
তাদের সঙ্গে পাথরঘাটা ও ঢাকার কয়েকটি প্রতারক চক্রও জড়িত বলে জানান সরোয়ার।
আমতলী থানার ওসি বাবুল আখতার বলেন, তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24