২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানী এলিজাবেথের অভ্যর্থনা অনুষ্ঠানে শেখ হাসিনা

ব্রিটেনের বাকিংহাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

সুমন মাহবুব , লন্ডন থেকে লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের বাকিংহাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন অলিম্পিকের উদ্বোধন উপলক্ষে রানী এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। অলিম্পিক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের কিছু আগে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেলে ওবামা ও ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জ্যাক রগও এ অভ্যর্থনায় অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানিয়ে রানী বলেন, “আমাদের সব অলিম্পিক দলেই এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি। এই দলগুলো ক্রীড়া জগতের নানা শাখায় নৈপুণ্য এবং অর্জনের লক্ষ্যে নিবেদিত। “আর হাজারো সংগঠক, স্বেচ্ছাসেবী এবং সমর্থকদের সহযোগিতায় এই দলগুলো শুধু যুক্তরাজ্যের অলিম্পিক ভেন্যুতে নয় বরং সারা বিশ্বে নৈপুণ্য দেখাবে। “আমি আশা করি, আপনার এবং আপনাদের দেশের জন্য এ ক্রীড়াআসর সফল, উপভোগ্য এবং স্মরণীয় হবে।” রানীর অভ্যর্থনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে ‘অলিম্পিক গেইমস ২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সজীব ওয়াজেদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ৩০তম গ্রীষ্মকালীন অলিম্পিকের এ মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একইদিনে ব্রিটেনের বিরোধীদলীয় নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। মিলিব্যান্ডের সঙ্গে ছিলেন লেবার পার্টির আরেক নেতা ডগলাস আলেক্সান্ডার এবং বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএমটি/জেকে/১৭০৮ ঘ.