২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ১১ রুটে বাস ধর্মঘট

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে বরিশাল বিভাগের ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বরিশাল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে বরিশাল বিভাগের ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকালে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এসব রুটের কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছে মালিক সমিতি। মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার দুই সংগঠনের এক যৌথসভা শেষে এই ধর্মঘট ডাকা হয়। বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে মাদারীপুর, ভুরঘাটা, পয়সারহাট, ধামুড়া, শরিকল, মীরগঞ্জ, মুলাদী, হিজলা, বানারীপাড়া, স্বরূপকাঠি ও বাবুগঞ্জ কলেজ গেট রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বরিশাল-স্বরূপকাঠি রুটে নসিমন-করিমনের মতো যান চলাচল বন্ধ করা হলে তারা ধর্মঘট প্রত্যাহার করে আলোচনা বসতে রাজি আছেন। এ বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০২ ঘ.