ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কুড়িল এলাকায় ঢাকা সিটি কর্পোরেশনের এক সাবেক কাউন্সিলরের বাসায় ঢুকে সবার হাত পা বেঁধে একটি পিস্তল, সোনার গহনা ও টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা।
ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর রাতে ১৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও বাড্ডা থানা বিএনপির সভাপতি হযরত কাজীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ডাকাতরা ছয়রাউ- গুলিভর্তি একটি লাইসেন্স করা পিস্তল, শতাধিক ভরি স্বর্ণালংকার এবং ৬ লাখ টাকা নিয়ে গেছে বলে হযরত কাজীর পরিবারের সদস্যরা জানিয়েছেন।”
ভোরে ডাকাতির খবর পেয়েই পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
হযরত কাজীর ভাতিজা শহীদুল কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িলে চার তলা ওই বাড়ির নিচতলা ও দোতালায় পরিবারের সদস্যদের নিয়ে থাকেন সাবেক কাউন্সির। সেহরির পরপরই নিচতলার গ্রিল কেটে পাঁচ ডাকাত বাড়ির মধ্যে ঢোকে।
“তারা দোতালায় প্রতিটি ঘরে ঢুকে রামদা আর ছুরি দেখিয়ে কাউন্সিলর ও তার স্ত্রী সন্তানদের হাত পা বেঁধে ফেলে। প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতির পর মালামাল নিয়ে চলে যায়।”
শহীদুল জানান, দোতালার একটি ঘরে কাউন্সিলরের স্কুলপড়–য়া ছোট মেয়ে থাকেন। ডাকাতরা ওই ঘরে ঢোকেনি। ডাকাতরা সকাল সোয়া ৬টার দিকে চলে যাওয়ার পর বাবা-মায়ের চিৎকারে সে এসে হাত-পায়ের বাঁধন খুলে দেয়।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে শহীদুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১০৫১ ঘ.
bdnews24