বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান সড়কে অটোরিকশা ও টেম্পু চলাচল বন্ধের দাবিতে শনিবার থেকে বরিশালের অভ্যন্তরীণ ১১টি রুটে ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ে দুই সংগঠনের এক যৌথ সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, সভায় শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, প্রধান সড়কে অবৈধ অটোরিকশা ও টেম্পু চলাচল বন্ধের জন্য বিভাগীয় কমিশনারের কাছে একাধিকবার লিখিত আবেদন দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
“এসব যানবাহন চলাচল বন্ধ না করা পর্যন্ত ধর্মঘট চলবে। আগামীতে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৪৭ ঘ.
bdnews24