বরিশাল/ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল নিসৃত হওয়ায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদেরা।
৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে তেল বিপণনকারী সংস্থা যমুনার বরিশাল ডিপোতে যাওয়ার সময় বুধবার রাতে গোবিন্দপুরের কালিগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পড়ে এমটি মেহেরজান নামের ট্যাংকারটি। ফজলুল হক-৩ নামের একটি কার্গোর ধাক্কায় সেটি মাঝনদীতে ডুবে যায়।
স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া মেহেরজান থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তেল ভেসে উঠতে শুরু করে। শুক্রবার সকালে আশপাশের এলাকায় পানির ওপরে তেল ভাসতে দেখা যায়।
যমুনার বরিশাল ডিপোর কর্মকর্তাদের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, ট্যাংকারের ইঞ্জিন বা বাতাস বের হওয়ার পাইপ দিয়ে তেল নিসৃত হতে পারে। তবে যে পরিমাণ তেল বের হয়েছে তাতে লিকেজ হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী বলেন, “একটি জাহাজ ইতোমধ্যে সেখানে গিয়ে ট্যাংকারের অবস্থান চিহ্নিত করেছে। পরে আরেকটি উদ্ধারকারী জাহাজ গিয়ে কাজ শুরু করবে।”
ট্যাংকার না তুলে পানির নিচ থেকে তেল সরিয়ে নেওয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ট্যাংকারটি তোলার জন্য বিআইডিব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও বিপিসি সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তেল বেরিয়ে ছড়িয়ে পড়া ঠেকাতে যত দ্রুত সম্ভব ভাসমান বেষ্টনি দিয়ে তেল ছড়ানো আটকানোর কথা বলেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার, বাংলাদেশ -এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওখানে তেল কি অবস্থায় আছে সেটা গুরুত্বপূর্ণ। এ ধরনের বেষ্টনি দেওয়ার পর আটকানো জায়গা থেকে ছেকে তেলটা তুলে নিতে হবে। তবে এক্ষেত্রে নদীর স্রোত একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্রোতের বিষয়টি মাথায় রেখেই এ কাজটি করতে হবে।”
এই পরিবেশ বিপর্যয় রোধ করতে দেড়শ ফুট পানির নিচে ডুবে থাকা ট্যাংকারের তেল পাইপের মাধ্যমে বের করে আনার ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিআইডব্লিউটিসির বরিশাল অঞ্চলের উপ-পরিচালক হাফিজুর রহমান।
তিনি বলেন, “এমটি মেহেরজানে জ্বালানি তেল আছে ৬১০ টন। ট্যাংকারের ওজনও প্রায় ২০০ টন। ফলে ৬০ টন ক্ষমতার উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে এই ট্যাংকার তোলা কঠিন।”
“অন্য কোনো উপায়ে বিশেষজ্ঞদের নিয়ে ডুবে যাওয়া ট্যাংকারের তেল পাইপের মাধ্যমে বের করার ব্যবস্থা নিলে পরিবেশের ক্ষতি কিছুটা হলেও কমানো যেতে পারে”, বলেন তিনি।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, শনিবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ট্যাংকার ডুবে যাওয়া স্থানের পানি পরীক্ষা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় দলটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে গবেষকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। তারা নদীর পানির দ্রবীভূত অক্সিজেনসহ (ডিও) বিভিন্ন পরীক্ষা করবেন।
সুকুমার বিশ্বাস বলেন, “নদীর পানিতে তেল নিঃসরিত হলে পানি দুষিত হয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব, তেল উঠিয়ে ফেলতে হবে।”
পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন সবচেয়ে বড় প্রয়োজন নিঃসরণ কমিয়ে দ্রুত ট্যাংকারটি উদ্ধার করা। ৭ লাখ লিটার তেল নদীতে ছড়িয়ে পড়লে বিপর্যয় পুরো ভাটি অঞ্চলে ছড়িয়ে পড়বে। এতে সংশিষ্ট এলাকার মানুষের জীবন জীবিকাও হুমকির মুখে পড়বে।”
নদী থেকে খালের মাধ্যমে তেল দূষণ আশেপাশের জনপদে ছড়িয়ে পড়লে জনস্বাস্থের জন্যও হুমকি সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি।
ট্যাংকারটি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটির বন্দর কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, শনিবার নাগাদ হামজা সেখানে পৌঁছবে। হামজার কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করে তেল ও ট্যাংকার উদ্ধারের কৌশল ঠিক করবেন।
তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুমের ক্ষমতা ১২০ টন। তাই ট্যাংকার থেকে তেল বের করার পরেও এই দুটি জাহাজ দিয়ে প্রায় ২০০ টনের ওই ট্যাংকার উত্তোলন সম্ভব নয়।
অবশ্য ট্যাংকারের মালিকপক্ষ ট্যাংকার ও তেল উত্তোলনের জন্য বেসরকারি কোনো উদ্ধারকারী জাহাজ নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি রিয়াজ হোসেন।
পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, তেলের যা ক্ষয়ক্ষতি হবে তা ক্ষতিপূরণ হিসাবে ট্যাংকার মালিকের কাছ থেকে চুক্তি অনুযায়ী আদায় করা হবে।
এদিকে ট্যাংকারের কর্মী মো. নিজাম উদ্দিন (৩৮) দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন।
ওসি রিয়াজ হোসেন জানান, বৃহস্পতিবার দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই ফজলুল হক-৩ নামের কার্গোটি ফেলে এর মাস্টার ও সুকানি পালিয়ে যায়। বর্তমানে ট্যাংকার এমটি মেহেরজানের কর্মীরা ওই কার্গোতে অবস্থান করছেন। দুজন পুলিশ সদস্যকেও সেখানে রাখা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরবি/এএইচ/এসইউ/১৯১৫ ঘ.
bdnews24