চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত গমবাহী একটি বিদেশি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সাইলো জেটিতে অবস্থানরত ভিয়েতনামের পতাকাবাহী এমভি তানভীন-৩৬ নামের গমবোঝাই জাহাজটিকে জরিমানা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অতিরিক্ত ‘ড্রাফট’ নিয়ে বন্দর চ্যানেলে প্রবেশ করায় জাহাজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম বন্দরের চ্যানেলে একটি সুনির্দিষ্ট ড্রাফটে (জাহাজের পানির নিচে থাকা অংশ) জাহাজ চলাচল এবং জেটিতে অবস্থান করতে পারে।
অনুপম সাহা বলেন, এমভি তানভীন-৩৬ জাহাজটি ঘোষণার বাইরে অধিক ড্রাফট নিয়ে বন্দর চ্যানেলে ঢোকে, যার ফলে বন্দর চ্যানেল ঝুঁকির মধ্যে পড়ে।
এমভি তানভীন-৩৬ জাহাজের স্থানীয় এজেন্ট সি-কম শিপিং লাইন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/২২২৬ ঘ.
bdnews24