কুমিল্লা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সুয়াগাজিতে শুক্রবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে চারজন হলেন ভোলার তাছনুর বেগম (৩০), তার ছেলে ছেলে সিয়াম (২), নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের তারেক চন্দ্র দেবের ১০ মাস বয়সী ছেলে আনন্দ, ঢাকার সাভারের শিমুলিয়া এলাকার আবদুল হান্নান মীর (৬৫)। একজনের পরিচয় জানা যায়নি।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) নাছিরউদ্দিন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৫ জন আহত হন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু হয়।
আহতদের তিনজন হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাড়েরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০), নোয়াখালীর সোনাইমুড়ির আবদুল করিমের ছেলে আকরাম হোসেন (৩৮) এবং কুমিল্লা সদরের সৈয়দপুর গ্রামের নুরুল ইসলাম (২৮)।
আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়ক পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24