২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসনে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান কমনওয়েলথকে

অভিবাসন ও উন্নয়ন ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

সুমন মাহবুব লন্ডন থেকে লন্ডন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসন ও উন্নয়ন ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “সর্বশেষ কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অভিবাসন ও উন্নয়ন বিষয়ে উত্থাপিত কর্মসূচিগুলোর অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ।” লন্ডন সফররত প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে বৈঠকে এই কথা বলেন। সেইন্ট পেনক্রাস রেনেসাঁ হোটেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কমলেশ শর্মা। প্রধানমন্ত্রী বলেন, “অভিবাসনের বিষয়টি কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনার মধ্যে যথাযথভাবে অন্তর্ভুক্ত হওয়া উচিৎ।” প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী কমনওয়েলথ মিনিস্টারস’ অ্যাকশন গ্রুপের (সিএমএজি) পরবর্তী মেয়াদের চেয়ারপারসন পদের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। ত্রিনিদাদ ও টোবাগোর মেয়াদ শেষ হওয়ার পর এই বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন, মানবাধিকার, আইনের শাসন, লিঙ্গ সমতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে নিজের দৃঢ় অবস্থান প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সিএমএজির চেতনার আলোকে কাজ করে যাচ্ছে। কমনওয়েলথ মূল্যবোধ ও আদর্শ বাস্তবায়নে সিএমএজির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, লক্ষ্য অর্জনে এই গ্রুপ অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছে। সদস্য দেশগুলোতে নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের ভূমিকাকেও স্বাগত জানান শেখ হাসিনা। মহীসোপান সীমানা সংক্রান্ত জাতিসংঘ কমিশনে বাংলাদেশের প্রস্তুতির ক্ষেত্রে ও ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ বিষয়ে একটি প্রকল্পে কমনওয়েলথের কারিগরি সহায়তার জন্য প্রধানমন্ত্রী সংস্থার মহাসচিবকে ধন্যবাদ জানান। কমনওয়েলথের চেতনার প্রতি বাংলাদেশ সরকারের আস্থা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী কমনওয়েলথ প্রধান ও রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের ৬০তম বার্ষিকী উদযাপন কর্মসূচিতে শেখ রেহানার প্রতিনিধিত্ব করার বিষয়টি তুলে ধরেন। শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বেসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান, শেখ রেহানার মেয়ে লন্ডনের কাউন্সিলার রিজওয়ানা সিদ্দিকী টিউলিপ এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকে ছিলেন। শেখ হাসিনা লন্ডন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে বুধবার যুক্তরাজ্যে পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এমআই/২১৫৫ ঘ.