২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশ পল্লী থেকে ঢাকায় ফিরেছেন শাওন

হুমায়ূন আহমেদের দাফনের সময় থেকে দুদিন নুহাশ পল্লীতে অবস্থানের পর বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের দাফনের সময় থেকে দুদিন নুহাশ পল্লীতে অবস্থানের পর বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার নুহাশ পল্লী ছাড়ার আগে কবর জিয়ারত করেন শাওন। এরপর দুপুর ৩টার দিকে ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে মা সংসদ সদস্য তহুরা আলীর সঙ্গে তার গাড়িতে ঢাকার পথে রওনা হন শাওন। এর আগে অন্য একটি গাড়িতে শাওনের বাবা মোহাম্মদ আলী নুহাশ পল্লী ছেড়ে যান। নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে শাওন ম্যাডাম ও তার স্বজনরা নুহাশ পল্লী ছেড়ে গেছেন। এখানে স্যারের পরিবারের আর কোনো সদস্য এখানে নেই।” শাওন নুহাশ পল্লীতে আবার কবে যাবেন, সে বিষয়ে কিছু জানাননি বলে জানান সাইফুল। বর্তমানে নুহাশ পল্লীতে ৯ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে নিউ ইউয়র্কের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত কথা সাহিত্যিক হুমায়ূন। মরদেহ সোমবার দেশে আনার পর মঙ্গলবার তাকে নিজ হতে গড়া নুহাশ পল্লীতে সমাহিত করা হয়। স্বামীর লাশ নিয়ে ঢাকায় ফেরার পর ধানমণ্ডিতে লেখকের বাড়ি দখিন হাওয়ায় ওঠেন শাওন। পরদিন তিনি নুহাশ পল্লীতে গিয়েছিলেন। দাফনের পরদিন বুধবার সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। নুহাশ পল্লীতে শাওনের সঙ্গে তার বাবা-মা ছাড়াও ছিলেন হুমায়ূনের বইয়ের প্রকাশক মাজাহারুল ইসলামের স্ত্রী স্বর্ণা, তাদের দুই সন্তান অমি ও অনয়, অভিনেত্রী তানিয়া আহমেদ ও তার ছেলে জিয়াস। হুমায়ূনের সাবেক স্ত্রী গুলতেকিনের সন্তান এবং দুই ভাই দাফনের সময় নুহাশ পল্লীতে থাকলেও সেদিনই তারা ফিরে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৫০ ঘ.