নারায়ণগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে একটি পেপার মিলকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পেপারটেক ইন্ডাস্ট্্িরজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এ জরিমানা করেন।
একই সঙ্গে অবিলম্বে পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে চালু রাখার নির্দেশ প্রদান করেন তিনি।
পরিবেশ অধিদপ্তর জানায়, এই পেপার কারখানার রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্যে শীতলক্ষ্যা নদীর দূষিত হচ্ছে। এতে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত শীতলক্ষ্যায় জলজ প্রাণী বা মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে এ কারখানা থেকে গত ছয় মাসে নয় কোটি লিটারের বেশি দূষিত বর্জ্য শীতলক্ষ্যায় মিশ্রিত হয়েছে বলে প্রমান হয়েছে।
এ ঘটনাকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমের ইউসুফ তাঁর অজ্ঞতা হিসেবে স্বীকার করে দ্রুত পরিবেশ সম্মত ব্যবস্থা চালু করার অঙ্গীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১০ ঘ.
bdnews24