ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধানের অপসারণসহ পাঁচটি দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো।
ঢাকা মেডিকেলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হামলায় জড়িতদের শাস্তিও দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পাঁচ দফা দাবি উত্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন, “ঘটনায় জড়িত সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শহীদ হোসেনসহ হামলায় জড়িতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রত্যাহার করতে হবে।”
সাংবাদিকদের অন্য দাবিগুলো হলো- সাংবাদিক হামলায় জড়িত শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ বাতিল এবং একটি গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন; যে কমিটিতে সাংবাদিক প্রতিনিধি রাখতে হবে।
হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা এবং ভাংচুর করা ক্যামেরা ও গাড়ির ক্ষতিপূরণও চেয়েছেন সাংবাদিক নেতারা।
বুধবার ঢাকা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত হন অন্তত ২০ জন সংবাদকর্মী। ওই ঘটনায় দুই সাংবাদিক বাদি হয়ে দুটি মামলা করেছেন, যাতে অধ্যাপক শহীদ হোসেনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে ঘটনা তদন্তে একটি কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইকবাল সোবহান বলেন, “আজকের মধ্যেই ঢাকা মেডিকেলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশ প্রত্যাহার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক করেন সাংবাদিক নেতারা।
ইকবাল সোবহান জানান, এ সমস্যা সমাধানে সাংবাদিক নেতাদের বৈঠকে ডেকেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিলানি মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে বলেন, “হামলার ঘটনায় দুপুরে সাংবাদিক নেতারা মাহবুব-উল আলম হানিফের কারওয়ান বাজারের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেছেন।”
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। এই হামলার প্রতিবাদে জাসাসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24