২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি: ৬ পুলিশকে কারণ দর্শাতে হবে

আইনজীবীকে পিটিয়ে আহত করার মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে হুমকির ঘটনায় পুলিশের লালবাগ জোনের সাবেক সহকারী কমিশনার রাজীব আল মাসুদসহ ছয় জনকে কারণ দর্শাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীকে পিটিয়ে আহত করার মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে হুমকির ঘটনায় পুলিশের লালবাগ জোনের সাবেক সহকারী কমিশনার রাজীব আল মাসুদসহ ছয় জনকে কারণ দর্শাতে বলেছে আদালত। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা হোসেন আলী খান হাসানের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী বৃহস্পতিবার এই নির্দেশ দেন। সহকারী কমিশনার রাজীব আল মাসুদ, কোতয়ালি থানার সাবেক ওসি মো. সালাহউদ্দিন খান, এই থানার উপ-পরিদর্শক মো. আজাদ, লালবাগ জোনের উপ- কমিশনার মো. খুরশীদ হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ও কোতয়লি থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলমকে আগামী ২৮ অগাস্টের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। হোসেন আলী খান হাসান বলেন, গত ৪ জুন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করার পর থেকে তা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেন পুলিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার এ মামলায় বিচার বিভাগীয় তদন্তের জন্য দিন রাখা হয়েছিল বলে জানান তিনি। মামলার আরজিতে বলা হয়, গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের নেতারা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাদের আইনজীবী হিসাবে বাদি শুনানি করেন। এরপর এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় রাজীব আল মাসুদ ও অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে আসামিরা তাকে মারধর করে। এ সময় ‘হত্যার উদ্দেশ্যে’ তার মাথায় আঘাত করা হয়। ওই ঘটনার পর বাদি পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিরপুরের সেলিনা জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসা নেন বলে জানান। সুস্থ হওয়ার পর গত ৩০ মে কোতয়ালি থানায় অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে ওসি সালাহউদ্দিন তাকে তাড়িয়ে দেন বলেও অভিযোগ করেন হোসেন আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৬২৭ ঘ.