২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক দেখে সড়ক মেরামতে কাদের

“ফেইসবুক হচ্ছে একটি প্রকৃত তথ্যের তাৎক্ষণিক আদান-প্রদানের মাধ্যম। যার মাধ্যমে সমস্যার কথা ও ছবি তৎক্ষণাৎ দেখতে ও জানতে পাই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

পটুয়াখালী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইস বুকে বিভিন্ন সড়ক, ফেরি ও রেলের সমস্যার কথা ও ছবি দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীতে হেলিকপ্টারে অবতরণ করে বরগুনা যাওয়ার পথে আমতলী ফেরিঘাটে তিনি সাংবাদিকদের বলেন, “ফেইসবুক হচ্ছে একটি প্রকৃত তথ্যের তাৎক্ষণিক আদান-প্রদানের মাধ্যম। “যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, ফেরি, রেল ও রেল লাইনে সমস্যার কথা ও ছবি তৎক্ষণাৎ দেখতে ও জানতে পাই।” সে সব দেখে সঙ্গে সঙ্গে ফোন করে সংশ্লিষ্ট প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানান মন্ত্রী। পটুয়াখালী-বরগুনাসহ বরিশাল বিভাগের সড়কের দুর্দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পদ্মা সেতু নিয়ে প্রশ্ন করলে কাদের বলেন, “এর চেয়ে আমার এখন বড় মাথা ব্যথা আসন্ন ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব কীভাবে করা যায়।” পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন নিয়ে কতিপয় অতি উৎসাহী ব্যক্তি ও মহল বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সকাল পৌনে ১০টায় হেলিকপ্টারে করে পটুয়াখালীতে নেমে বিআরটিএ দপ্তর পরিদর্শন করেন মন্ত্রী। পরে সড়ক পথে বরগুনা রওনা হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৬ ঘ.