ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা কর্মকর্তা হুমায়ুন খালেদকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে।
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা মেজর জেনারেল পর্যায়ের এই কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বিজেএমসির সাবেক চেয়ারম্যান টিডি মিত্রের স্থলাভিষিক্ত হচ্ছেন। স¤প্রতি টিডি মিত্রের চুক্তির মেয়াদ শেষ হয়।
এছাড়া এদিন অন্য একটি চুক্তি বাতিল ও একটির মেয়াদ বাড়ানো হয়েছে। উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার পদে আনা হয়েছে রদবদল।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমারের চুক্তি বাতিল হয়েছে। তার আবেদনে এ চুক্তি বাতিল করা হয়।
চুক্তির মেয়াদ বেড়েছে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের। এক বছরের জন্য তার এ চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ গত ১৭ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছি উদ্দিনকে একই দপ্তরের সচিব পদে প্রেষণে নিয়োগ এবং ‘দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শামীম আল মামুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
‘১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত উপসচিব এএইচএম সামসুজ্জামানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খুরশীদ ইকবাল রেজভী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মীর নজরুল ইসলামকে ওএসডি করে ‘মৈত্রী শিল্প সংস্থা’র পরিচালক (ব্যবস্থাপনা ও বিপনন) পদে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/আরএ/১৬০১ ঘ.
bdnews24