ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য সারচার্জ আরোপ করা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক মানবন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকারের দুর্নীতির কারণে পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে। এখন তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে জনগনের ওপর সারচার্জ আরোপ করতে চাচ্ছে। এটা দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না।”
বুধবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, “গত ৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর অর্থায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। আর এর ধারাবাহিকতায় আমাদের কাছে সারচার্জ আরোপের নির্দেশনা এসেছে।”
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণে যেভাবে ‘সারচার্জ’ আরোপ করে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সে আদলেই পদ্মা প্রকল্পের বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে এনবিআর চেয়ারম্যান জানান।
বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণের ঘোষণা দেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “বিশ্ব ব্যাংক গত বছরের এপ্রিল মাস থেকে সরকারকে বলে আসছে, পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে। কিন্তু তারা এতে কর্ণপাত করেনি। ফলে ঋণচুক্তিটি বাতিল করেছে বিশ্বব্যাংক। অবশেষে নানা টানাপোড়নের পর সৈয়দ আবুল হোসেন বিদায় হলেন। এই বিদায় প্রমাণ করে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা ও পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই মানবন্ধন হয়।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর এম এম মেহবুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩২৯ ঘ.
bdnews24