সুমন মাহবুব
লন্ডন থেকে
লন্ডন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ থেকে সরকার সরে আসেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হচ্ছে। আমাদের যে উদ্যোগ- তাতে ভাটা পড়েনি।”
বুধবার লন্ডনে হোটেল সেন্ট প্যানক্রসে স্থানীয় বাংলা প্রচার মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইফতারের পর তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শেখ হাসিনা।
বিশ্ব ব্যাংক ঋণ বাতিলের সিদ্ধান্ত পাল্টে পদ্মা সেতুতে অর্থায়ন করলে সেটা তারা ‘নিজেদের বিবেচনায়’ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এটা তাদের বিবেচনা। আর এটা ভুল ধারণা, আমরা পিছু হটিনি। আমরা পিছু হটবো না।”
পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। এজন্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহেরও সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২২ জুলাই সাংবাদিকদের বলেন, সরকার এ প্রকল্প বাস্তবায়নে চারটি বিকল্প নিয়ে এগোচ্ছে, যার মধ্যে প্রথমটি হলো বিশ্ব ব্যাংককে ফেরানো এবং সর্বশেষ পথ নিজস্ব অর্থায়ন।
বিশ্ব ব্যাংককে পদ্মা প্রকল্পে ফেরাতে সরকারের চেষ্টার অংশ হিসাবে গত সোমবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন সৈয়দ আবুল হোসেন, যিনি বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তির সময় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
অর্থায়ন চালিয়ে যাওয়ার জন্য বিশ্ব ব্যাংক যে চারটি শর্ত দিয়েছিল তার মধ্যে চতুর্থটি ছিল- যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে ছুটি দিতে হবে।
ইস্তফা দেওয়ায় সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বলেন, “তার গাটস্ আছে বলেই রিজাইন দিতে পেরেছে। দেশপ্রেম আছে বলেই রিজাইন দিয়েছে।”
তবে বিশ্ব ব্যাংক আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
বিগত বিএনপি সরকারের সময়ে ২০০৫ সালে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “সে সময়ের মন্ত্রী কী পদত্যাগ করেছিল?”
এ সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরুর প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেন, “বিশ্ব ব্যাংক আসুক আর না আসুক- আমরা পদ্মা সেতু করব। আমাদের নিজেদের প্রস্তুতি আছে। বিশ্ব ব্যাংক কী করে- এটা তাদের এখতিয়ার।”
বর্তমান মহাজোট সরকারের মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগে সম্পদের হিসাব দিচ্ছেন। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গেলেও তাদের সম্পদের হিসাব পাওয়া যাবে। তাছাড়া আয়কর দেওয়ার সময়ও তারা হিসাব দেন।
‘
দায়মুক্তি’
বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের বৈধতা দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “তারা বৈধতা পেলে ২০০৮ সালের নির্বাচনে আমরা আর জয়ী হতে পারতাম না। জনগণ তাদের কর্মকাণ্ড গ্রহণ করেনি বলেই আমাদের ভোট দিয়েছে।”
শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার কারণেই তাকে ২০০৭ সালে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল।
“তখন তো কেউ টু শব্দটা করেনি। বিএনপির এক নেতার অবিবাহিত মেয়ে গ্রেপ্তরার হওয়ার প্রতিবাদ আমিই করি। বিএনপি নেত্রী তো প্রতিবাদ করেন নাই।”
বর্তমানে বিরোধী দলে থাকা বিএনপিরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা দেশের উন্নয়ন করতে এসেছি। প্রতিহিংসা চরিতার্থ করতে আসি নাই। আর তারা তো এখন স্ব-নির্ধারিত নির্বাসনে চলে গেছেন। তাদের বিচার করতে লাগে নাই। আল্লাহই তাদের বিচার করেছে।”
‘গুম ও ক্রসফায়ার’
কথিত গুম ও ক্রস ফায়ার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি লোকেরাই চট্টগ্রামের ব্যবসায়ী নেতা জামালউদ্দিনকে হত্যা ও গুম করেছিল।
“বিএনপি চালু করে দিয়ে গেছে। এখন রাতারাতি পরিবর্তন সম্ভব নয়”, বলেন তিনি।
তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মানবাধিকারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।
কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, “আমি কারো নাম বলতে চাই না। যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল, যারা যে কাজের সঙ্গে যুক্ত, তাদের সে কাজেই পতন হয়। সিলেটে কতো নেতা গুম হয়েছে?”
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে কতো হত্যা ও গুমের ঘটনা ঘটেছিল- তা খুঁজে বের করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
এ অনুষ্ঠানের শুরুতেই বিগত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ‘হত্যা, ধর্ষণ, লুটপাট, রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘অগ্রগতি’
প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ২০১৬ সালে লন্ডনে বাংলা প্রত্রিকা প্রকাশনার শতবর্ষ উদযাপনের জন্য প্রবাসী সাংবাদিকদের উদ্যোগ নিতে বলেন।
বিদ্যুৎ উৎপাদান ও স্বাক্ষরতার হার বৃদ্ধি, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “গত সাড়ে তিন বছরে প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে।”
সাংবাদিকদের সঙ্গে বিনিময়ের পর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম সাইদুর রহমান খান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী।
তিনি ২৭ জুলাই লন্ডনে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এর আগে, সেদিন বিকালেই বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১১৪৪ ঘ.
bdnews24