গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার হাজীরপুকুর এলাকায় একটি মশার কয়েল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব ইনসেকটিসাইটস কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচ কর্মচারী আহত হয়েছে। এর মধ্যে রেজাউল করিম নামে একজকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, সকাল সোয়া ৯ টার দিকে গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে।
গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার চালিয়ে বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
কারখানার কর্মকর্তা আতিউর রহমান জানান, এতে গুদামে রাখা কয়েল, উড পাউডার, প্রেসিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৯ ঘ.
bdnews24