সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, বুধবার ভোরে পৌর এলাকার মধ্যরাজাশন মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃবধূর শাশুড়িসহ তিন জনকে আটক করা হয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ বিউটি আক্তার (২০) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিশকাটালি গ্রামের হাজী মো. হাবিবুর রহমানের মেয়ে। দুই বছর আগে কুমিল্লার মুরাদনগরের আব্দুল জলিল সরকারের ছেলে শেখ সাদি সরকারের (৩০) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা সাভারে বসবাস করতেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন- বিউটির শাশুড়ি আসমা খাতুন (৬০), শেখ সাদি সরকারের ভাগ্নী নাজমুন নাহার (২০) ও ভাগিনা মো. বায়েজিত (১৯)।
বিউটির বাবা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকেই ম্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য বিউটিকে মারধর করত। এরমধ্যে যৌতুকের টাকা ছাড়াও তাকে আরো তিন লাখ টাকা দেওয়া হয়।
স¤প্রতি শেখ সাদি আরো দুই লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য বিউটিকে চাপ দেয়। বিউটি তাতে রাজি না হলে তার উপর নির্যাতন আরো বেড়ে যায় বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।
বিউটির বড় বোন জাকিয়া বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিউটি তার মোবাইল ফোনে মারধরের কথা জানিয়ে তাকে সাভার আসতে বলেন। মাঝ রাতে বিউটির বাড়ি পৌঁছে তাকে মৃত দেখতে পান পরিবারের সদস্যরা।
বিউটিকে পিটিয়ে হত্যার পর স্বামীর বাড়ির লোকজন মুখে বিষ ঢেলে দিয়েছে বলে দাবি করেন বোন জাকিয়া বেগম।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিউটির মাথা, নাক এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতলও উদ্ধার করা হয়েছে।
“বিউটিকে বালিশ চাপা দিয়ে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২৯ ঘ.
bdnews24