২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিজের ছেলেকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঠাকুরগাঁও, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিজের ছেলেকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার হরিপুর থানায় জালালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার শ্বশুর নূর ইসলাম। মঙ্গলবার রাতে জালাল ও নূরজাহানের তিন বছরের ছেলে ইমরান খুন হয়। নূরজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় চার বছর আগে আদালতে তাদের বিয়ে হয়। এরপর থেকে জালাল যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বিয়ের তিন মাস পর জালাল তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর নূরজাহান আদালতে মামলা করেন। ইতোমধ্যে তাদের একটি ছেলে হয়। তখন সন্তানের খোরপোষ ও মোহরানার জন্য আরেকটি মামলা করেন নূরজাহান। বুধবার (২৫ জুলাই) ছিল একটি মামলায় স্বাক্ষ্য দেওয়ার দিন। নূরজাহানের অভিযোগ, মঙ্গলবার রাতে জালাল ও তার তিন সঙ্গী তাদের ঘরে ঢুকে ইমরানকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এসময় নূরজাহানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। হরিপুর থানার ওসি যতিন্দ্রনাথ শর্ম্মা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরানের নানা নূর ইসলাম বুধবার জালালসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিরা পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.