২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী লন্ডনে

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

সুমন মাহবুব লন্ডন থেকে লন্ডন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বুধবার সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ে। লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় হিথরো বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তারা। এরপর মোটর শোভাযাত্রা নিয়ে হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় যান প্রধানমন্ত্রী। সফরে এই হোটেলেই থাকবেন তিনি। প্রধানমন্ত্রী ২৭ জুলাই লন্ডনে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এর আগে, সেদিন বিকালেই বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এছাড়া বৃটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির এড মিলিব্যান্ডের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগেই লন্ডন পৌঁছেন। সফরের প্রথম দিনেই যুক্তরাজ্যভিত্তিক বাংলা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে হোটেলে ইফতার করবেন প্রধানমন্ত্রী। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় সেইন্ট প্যানক্রাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কনমওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। দুপুরে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের নির্ধারিত সর্বদলীয় সংসদীয় দল শেখ হাসিনার সঙ্গে দেখা করবে। এরই মাঝে হাউজ অব লর্ডসে রক্ষণশীল দলের সদস্য উইম্বলডনের লর্ড আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। একুশের অমর গানের রচয়িতা কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুক্রবার সকালে। সেদিন বিকালে রানীর দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে তিনি বাকিংহাম প্যালেস থেকে সরাসরি চলে যাবেন অলিম্পিক স্টেডিয়ামে । ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এরপর, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ক্যাটারারস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। শনিবার রাতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। লন্ডন থেকে রোববার বিকালে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ৮টায় তার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০৪ ঘ.