২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে জমিতে সেচ দেওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে জমিতে সেচ দেওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দুপুরে শিংনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। নিহত সানাউল ইসলাম (২২) উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ২টার দিকে শিংনগর এলাকায় ১৬৯ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের সীমানায় সানাউল জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় ভারতের মালদহ-১২০ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা সানাউলকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে। বৈঠকে বিজিবি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হবে বলে জানান বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৮ ঘ.