রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মাথা ফাটিয়েছে কয়েকজন ছাত্র।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে এ হামলায় আহত সাব্বির হোসেন শুভ তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ওসি আনিছুর রহমান কয়েকজন শিক্ষার্থীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাব্বির হোসেনের এক বান্ধবীকে দীর্ঘদিন ধরে কম্পিউটার সায়েন্স প্রথম বর্ষের এক ছাত্র মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল।
এ নিয়ে কয়েকদিন আগে সাব্বিরের সঙ্গে উত্ত্যক্তকারী ছাত্রের কথা কাটাকাটি হয়।
বুধবার বিকালে সাব্বির পরীক্ষা দিয়ে বের হলে ওই উত্ত্যক্তকারী আরো কয়েকজন ছাত্রসহ সাব্বিরকে মারধর করে। এতে সাব্বিরের মাথা লোহার রডের আঘাতে ফেটে যায়।
পরে কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
চিকিৎসা কেন্দ্রর প্রধান মির্জা ওয়াজেদ বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাব্বিরের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তাই কোনো মন্তব্য করতে চাই না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24