বরগুনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোসাগরে মাছধরা ট্রলারে ডাকাতির পর বরগুনার ২৬ জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
জেলেরা জানান, মঙ্গলবার মধ্যরাতে সাগরের পক্ষীদিয়া এলাকায় তাদের ট্রলারে ডাকাতি হয়। পরে প্রতি ট্রলার থেকে একজন করে জেলেকে নিয়ে যায় তারা।
বুধবার দুপুরে সাগর থেকে ফিরে আসা জেলেরা এ তথ্য দিয়েছেন বলে জানান বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলদস্যু সাগর বাহিনীর সদস্যরা রাত ১২টার দিকে এফবি রহিম, এফবি আল্লার দান, এফবি আল্লার দান-১, এফবি মায়ের দোয়া, এফবি অনিক, এফবি হরিণঘাটা, এফবি শরীফ ট্রলারসহ ২৬টি ট্রলারে ডাকাতি করে অন্তত ২০ লাখ টাকার মাছ ও মালামাল নিয়ে যায়।
এসময় ডাকাতরা এফবি হরিণঘাটাসহ দুটি ট্রলারও নিয়ে যায়। অপহৃতদের মধ্যে চুন্নু মাঝি, জামাল মাঝি, নেছার মাঝি, কাইউম মাঝি, সিদ্দিক মাঝি, বাদল মাঝি, কবির মাঝি ও জুলহাস মাঝির নাম পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যন্ট মো. হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির সময়ে জেলেরা তাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের জানান। কিন্তু কোস্টগার্ড সেখানে পৌঁছার আগেই জলদস্যুরা চলে যায়।
অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৭ ঘ.
bdnews24