২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

লে-অফ কারখানা পুনরায় চালুর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বুধবার পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লে-অফ কারখানা পুনরায় চালুর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বুধবার পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পরে বিকেএমইএ নেতারা ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। ফতুল্লার লালপুরে মার্ক নিটওয়্যার কারখানায় এই সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মার্ক নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে কারখানা লে-অফের নোটিশ দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে। প্রথমে তারা কারখানার ফটকে বিক্ষোভ করে। এরপর মিছিল নিয়ে ফতুল্লার কোতোয়ালের বাগ এলাকার মোতালেব মনোয়ারা নিট কম্পোজিট কারখানার প্রধান ফটক ভাংচুর করে। সেখান থেকে তারা শ্রমিকদের বের করে আনার চেষ্টা করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। এরপর তারা কাঠের পুল এলাকার পলমল, আবির, ক্যাডটেক্স কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারপর সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে এবং দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আহতদের মধ্যে রয়েছেন শ্রমিক মাহতাব, আব্দুল কাদির, শাহজাহান, বাবুল, কাদির, কবির, খোরশেদ, মাহবুব, জলিল, লাইজু, নাজমা, পারভীন, মুক্তা, জেসমিন, ঝুনু ও সেলিনা। শ্রমিক লাইজু, ঝুনু, জলি বলেন, লে-অফের কারণে তারা ওভারটাইম করতে পারবেন না। তাই স্বাভাবিকের তুলনায় আয় কমে যাবে। এছাড়া লে-অফের কারণে তাদেরকে বোনাসও দেওয়া হবে না। তাই কারখানা চালুর দাবি জানান তারা। বিকেএমইএ’র শ্রমিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটি’র চেয়ারম্যান জি এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকেএমইএ অফিস বন্ধ থাকায় ১০ মিনিট আগে মার্ক নিটওয়্যার লি. থেকে লে-অফ নোটিশের একটি কপি পাঠানো হয়। “বুধবার সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলে শ্রমিকদের শান্ত করি। আগামী শনিবার মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে,” বলেন ফারুক। ফতুল্লা থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা অন্য গার্মেন্টসের শ্রমিকদের নামানোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.