২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগসেসে পুরস্কার পেলেন রিজওয়ানা হাসান

পরিবেশ-সুশাসন নিশ্চিত করতে আইনি লড়াই চালানোর জন্য এই স্বীকৃতি দায়িত্ব আরো বাড়িয়ে দিল- অনুভূতি জানালেন বেলার প্রধান নির্বাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ২০১২ সালে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। বাংলাদেশে পরিবেশ-সুশাসন নিশ্চিত করতে আইনি লড়াই চালানোর স্বীকৃতি হিসেবে রিজওয়ানাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। ম্যাগসেসে পুরস্কার জয়ের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজওয়ানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, পরিবেশ নিয়ে যারা কাজ করেন, এই স্বীকৃতি তাদের সবার।” আনন্দিত রিজওয়ানা বলেন, যে কাজ তিনি করে যাচ্ছেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরো বাড়িয়ে দিল। রিজওয়ানা গত দুই দশক ধরে বাংলাদেশে পরিবেশ-সুশাসন নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ২০০৯ সালে তিনি পরিবেশের জন্য সবচেয়ে সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘গোল্ডম্যান পুরস্কার’ পান। একই বছর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’ ‘এনভায়রনমেন্টাল হিরো’র তালিকায় তাকেও রাখে। পেশায় আইনজীবী রিজওয়ানার জন্ম ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি। ভিকারুননিসা নূন স্কুল ও হলিক্রস কলেজের পড়াশুনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পাস করার পর তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে (বেলা) যোগ দেন। রিজওয়ানা হাসান ছাড়াও এ বছর কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ানের ছয়জন র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন। আগামী ৩১ অগাস্ট ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তারা সবাই একটি সনদ, একটি পদক ও নগদ অর্থ পাবেন। এর আগে বাংলাদেশ থেকে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস (১৯৮৪), তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮) অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (২০০৫), এঞ্জেলা গোমেজ (১৯৯৯), ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫) ও সিডিডির এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান (১৯৮৮) ম্যাগসেসে পুরস্কার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৮৩০ ঘ.