ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি আরো বলেন, ঈদ ব্যবস্থাপনা বিষয়ে আগামী ২৯ জুলাই মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
বুধবার মন্ত্রণালয়ে এক সভা শেষে মন্ত্রী এ কথা জানান।
নৌ-পথে যাত্রী হয়রানি বন্ধ, অপরিকল্পিত নদী খনন রোধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধভাবে রাতে বালু বোঝাই জাহাজ চলাচল বন্ধ এবং সুষ্ঠু নৌপরিবহন ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা হয়।
শাজাহান খান বলেন, ঈদের আগেই বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বেড়ে যায়। এজন্য কমিউনিটি রিভার গার্ড বা কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে।
গত বছর সদরঘাট এলাকায় লঞ্চ মালিক সমিতির ব্যবস্থাপনায় ‘কমিউনিটি পুলিশ’ এর কাজের প্রশংসা করে তিনি জানান, আসন্ন ঈদেও এ ব্যবস্থা নেওয়া হবে।
নৌমন্ত্রী বলেন, “নৌ-পথে সীমানা নির্ধারণ না থাকায় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় নানা সমস্যা হচ্ছে। নৌ-সীমানা নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নৌপথে নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ গঠন এবং কোস্ট গার্ডকে শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নৌ-পথে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শাজাহান খান।
“এ বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করা হবে।”
তিনি আরো বলেন, নৌ-পথে রাতে মালবাহী জাহাজ চলাচল বন্ধে, অবৈধ নৌযান চলাচল বন্ধ, অবৈধ নৌযান নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা, নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং নৌ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৭১৪ ঘ.
bdnews24