নরসিংদী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবারের আপত্তির পরও লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে নরসিংদীর আদালত।
নরসিংদীর প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বুধবার বাদীর ‘না রাজি’ আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার বাদি ও আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোটভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু ও এপিএস মুরাদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিতহের ভাই কামরুজ্জামান ।
আট মাস তদন্ত শেষে গত ২৪ জুন এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল।
অভিযোগপত্রের আসামিরা হলেন- নাজমুল হাসান শরীফ, হাজী মোহাম্মদ সেলিম মিয়া, মো. আওলাদ হোসেন, মো. সারোয়ার হোসেন, মাহফুজ হোসেন ওরফে তাওয়াব ওরফে সবুজ, হাজী মোহাম্মদ ফারুক হোসেন, মো. শাহিন, ইসু সরকার ওরফে শিবলী সরকার ও হীরু ওরফে কামরুল হাসান, মো. মোবারক হোসেন মোবা, মো. আশরাফ হোসেন সরকার ওরফে আশরাফুল সরকার ও আব্দুল মতিন সরকার।
এদের মধ্যে শেষ তিনজন এ মামলার এজাহারভুক্ত আসামি। আসামিদের মধ্যে মোবারক হোসেন ও ইসু সরকার পলাতক রয়েছেন।
মামলার বাদি কামরুজ্জামান এ অভিযোগপত্রের বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতে ‘না রাজি’ আবেদন দাখিল করেন।
বুধবার অভিযোগপত্র গ্রহণের পর বাদীর আইনজীবী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আবেদন মঞ্জুর না করায় এজাহারকারী ক্ষুব্ধ হয়েছেন।”
“ন্যায় বিচারের স্বার্থে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।”
বাদির আইনজীবীরা এ মামলার আসামি আব্দুল মতিন সরকারের জামিন বাতিলের আবেদন জানালেও আদালত সাবেক এই পৌর চেয়ারম্যানের জামিন বহাল রাখে।
অবস্থান ধর্মঘট, সংঘর্ষ
এদিকে অভিযোগপত্র বাতিলের দাবিতে মেয়র লোকমান সংগ্রাম পরিষদ বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। তারা পুনরায় তদন্ত করে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার দাবি জানায়।
লোকমানের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নূসরাত বুবলী, ছোট ভাই নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, অপর ভাই নরসিংদী সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, লোকমান সংগ্রাম পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহাম্মদ আলী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের কিছু কর্মী মিছিল করে এ কর্মসূচিতে যোগ দিতে গেলে সার্কিট হাউজ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা একটি গাড়ি ভাংচুর ও বিভিন্ন স্থাপনায় ইট পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ লাঠিপেঠা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24