২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: কিশোরগঞ্জের জেলা জজকে তলব

আদেশ লঙ্ঘনের মাধ্যমে আদালত অবমাননা করায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদেশ লঙ্ঘনের মাধ্যমে আদালত অবমাননা করায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজকে তলব করেছে হাই কোর্ট। একটি আবেদনে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এএম মো. সায়েদকে আগামী ৬ অগাস্ট সশরীরে আদালতে হাজির হয়ে অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া গত ১৪ ফেব্রুয়ারি দেওয়া হাই কোর্টের নির্দেশনা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা এবং লঙ্ঘনের মাধ্যমে আদালত অবমাননার অপরাধ করায় বিবাদীকে কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চাওয়া হয়। কিশোরগঞ্জ আদালতের সাবেক চার কর্মচারী (আদেশ জারিকারী) আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, মেলা বেগম, সৈয়দ কুদরত-ই-খুদার আবেদনে আদালত এ আদেশ দেয়। আদালতে আবেদনকারীর পক্ষে মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সরকার পক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল তিতাস হিল্লোল রেমা। মোহাম্মদ শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে ওই আদালতের চার কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করে। হাই কোর্ট ওই বছরের ২ সেপ্টেম্বর রুল জারি করে এবং পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। ১৪ জানুয়ারি ওই চার কর্মচারীর পদসহ অন্যান্য বেশ কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, এরপর তারা হাই কোর্টে একটি আবেদন জমা দেয়। গত ১৪ ফেব্রুয়ারি আদালত চারটি পদ খালি রেখে বাকীগুলোতে নিয়োগ দিতে আদেশ দেয়। কিন্তু আদালতের আদেশ অমান্য করে একটি পদ খালি রেখে গত ১৭ মে বাকিগুলোতে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬৪৪ ঘ.