ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিভিন্ন কর্মকান্ডের ‘গঠনমুলক’ সমালোচনা করার জন্য সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাংবাদিকদের ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, “আমরা প্রত্যাশা করি আপনারা সরকারের সমালোচনা করবেন। তবে সে সমালোচনা যেন গঠনমুলক ও বস্তুনিষ্ঠ হয় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে।”
“বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে আপনারা অনেকেই পত্রিকায় লেখেন সরকার সাড়ে তিন বছরে কিছুই করেনি। এ তথ্য সঠিক কিনা আপনারাই বিবেচনা করুন”, যোগ করেন তিনি।
জনগণ সঠিক তথ্য জানতে চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “যেসব সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয় সে সব পত্রিকার কাটতিও বেশি।”
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা অর্জনের প্রতি জোর দেন তথ্যমন্ত্রী।
এ সময় ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ তথ্যমন্ত্রীকে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের জন্য ধন্যবাদ জানান। অনলাইন এবং ইলেক্ট্রনিক মাধ্যমের সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনার অনুরোধও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৩০১ ঘ.
bdnews24