২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থল সীমান্ত চুক্তি কার্যকর না হওয়া ভুল সঙ্কেত’

স্থল সীমান্ত চুক্তি এবং প্রটোকলগুলো ভারত কার্যকর না করলে তা দুই দেশের সম্পর্কে ‘ভুল সঙ্কেত’ দেবে বলে নয়াদিল্লিকে বলেছে ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নয়াদিল্লি/ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থল সীমান্ত চুক্তি এবং প্রটোকলগুলো ভারত কার্যকর না করলে তা দুই দেশের সম্পর্কে ‘ভুল সঙ্কেত’ দেবে বলে নয়াদিল্লিকে বলেছে ঢাকা। ১৯৭৪ সালে সাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সই হওয়া এই সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি। মঙ্গলবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কায়েস ও মাথাই যথাক্রমে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাস প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ, পানিসম্পদ, নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ খাতে সহযোগিতা, সংযোগ, উন্নয়ন সহযোগিতা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয়। ২০১১ সালে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় এই চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। তিস্তা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বৈঠকে মিজারুল কায়েস ভারতের প্রতি আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, মনিপুর রাজ্যে টিপাইমুখ প্রকল্পের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে যৌথ বিশেষজ্ঞ দল আগামী ২৭ ও ২৮ অগাস্ট বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/এমআই/২৩৫১ ঘ.