ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে সরকার সমর্থকরা।
নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নয়টি আসনে বিজয়ী হয়েছে। সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে পাঁচটি আসন।
১৫ সদস্যের বার কাউন্সিলে চেয়ারম্যানের দায়িত্ব পদাধিকার বলে পালন করেন অ্যাটর্নি জেনারেল।
চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে মঙ্গলবার সকাল থেকে নির্বাচনের ভোট গণনা কেন্দ্রীয়ভাবে শুরু হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
এর আগে জেলাসহ দেশের বিভিন্ন বারে প্রাথমিক গণনায়ও এই ফলাফল এসেছিল। মঙ্গলবার তা আনুষ্ঠানিক রূপ পেল। গত ১৮ জুলাই সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়।
নির্বাচনে সাধারণ সাত আসনের চারটিতে ঐক্য প্যানেল এবং তিনটি আসন পেয়েছে সমন্বয় পরিষদ। আর গ্রুপ আসন সাতটির মধ্যে পাঁচটিতে ঐক্য প্যানেল এবং দুটিতে সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছে।
এবারের নির্বাচনে সাতটি করে সাধারণ ও গ্রুপভিত্তিকসহ মোট ১৪টি আসনের বিপরীতে ৫৬ জন প্রার্থী অংশ নেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে।
সাধারণ আসনে সমন্বয় পরিষদ থেকে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (১৩,১৮৫ ভোট) সর্বোচ্চ ভোট পেয়েছেন। ঐক্য প্যানেল থেকে সংসদ সদস্য এম এম মাহবুব উদ্দিন খোকন (১২,৫৩২) দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সাত আসনের ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন (১২,৪২৪), এ জে মোহাম্মদ আলী (১২,২৫৩) ও সানাউল্লাহ মিয়া (১১,৮০৭)।
সমন্বয় পরিষদ থেকে মতিন খসরু ছাড়াও সৈয়দ রেজাউর রহমান (১২,২০০) ও তানিয়া আমীর (১২,১৭৫) নির্বাচিত হয়েছেন।
সাতটি গ্রুপ আসনের মধ্যে পাঁচটিতে ঐক্য প্যানেল থেকে গোলাম মোস্তফা খান (৩,৬৬৫, গ্রুপ-এ), মো. কবির চৌধুরী (১,২৩৩, গ্রুপ-সি), মো. কাইমুল হক (১,৫৩৭, গ্রুপ-ডি), মো. ইসহাক (১,১৮৮, গ্রুপ-এফ) এবং এ কে এম হাফিজুর রহমান (১,৩৪৭, গ্রুপ-জি) নির্বাচিত হয়েছেন।
গ্রুপ আসনের অন্য দুটিতে সমন্বয় পরিষদের এইচ আর জাহিদ আনোয়ার (১,২৯০, গ্রুপ-বি) এবং এম এম মুজিবুর রহমান (১,৪৭১, গ্রুপ-ই) নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণার পর কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ সাংবাদিকদের বলেন, প্রায় ১৫ হাজার ভোটার নির্বাচনে ভোট দেন।
নির্বাচিত সদস্যরা এখন প্রথম সভায় ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কমিটি গঠন করবেন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদ ভাইস চেয়ারম্যান এবার সরকারবিরোধীদের কেউ হবেন, তা স্পষ্ট।
নির্বাচন নিয়ে রুল
সদ্য সমাপ্ত বার কাউন্সিলে প্যানেলভিত্তিক নির্বাচন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার এই রুল জারি করে।
আদালত বার কাউন্সিলের চেয়ারম্যান ও প্যানেল করে বিগত নির্বাচনে অংশগ্রহণকারী ৩৮ প্রার্থীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ গত সপ্তাহে এই রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
ইউনূস আলী সাংবাদিকদের বলেন, “বার কাউন্সিলে প্যানেলভিত্তিক নির্বাচনের বিধান নেই। এবারের নির্বাচনে তিনটি প্যানেলে ৩৮ জন প্রার্থী অংশ নেন। ভোটার তালিকায়ও ত্রুটি ছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করেই রিট আবেদন করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩০৯ ঘ.
bdnews24