২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে নুহাশ পল্লীতে থাকছেন শাওন

স্বামী হুমায়ূন আহমেদের সমাধিস্থল নুহাশ পল্লীতেই রাত কাটাচ্ছেন মেহের আফরোজ শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী হুমায়ূন আহমেদের সমাধিস্থল নুহাশ পল্লীতেই রাত কাটাচ্ছেন মেহের আফরোজ শাওন। মঙ্গলবার দুপুরের পর গাজীপুরের নুহাশ পল্লীতে সমাহিত করা হয় নন্দিত লেখক হুমায়ূনকে। দাফনের সময় দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতেই ছিলেন শাওন। এরপর সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সন্ধ্যায় প্রয়াত লেখকের আত্মার শান্তির জন্য নুহাশ পল্লীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কারণে দুই সন্তানকে নিয়ে লেখকের স্ত্রী শাওন, তার বাবা-মাসহ প্রায় ১৫ জন রাতে নুহাশ পল্লীতেই থাকবেন।” হুমায়ূনের নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে দাফনের সময় তার ভাই মুহম্মদ জাফর ইকবাল, লেখকের সাবেক স্ত্রীর তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন থাকলেও তারা ঢাকায় ফিরে এসেছেন। প্রয়াত লেখকের কবরের স্থান নিয়ে সোমবার দিনভর পরিবারের দুই পক্ষের টানাপোড়েনের পর গভীর রাতে নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত হয়। প্রথম স্ত্রীর সন্তানরা ঢাকায় হুমায়ূনের দাফন চাইলেই দ্বিতীয় স্ত্রী শাওন নুহাশ পল্লীতে স্বামীর দাফন চেয়ে আসছিলেন। শাওন সাংবাদিকদের বলেছেন, তিনি নুহাশ পল্লীকে ট্রাস্টে পরিণত করার স্বামীর স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন। গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার তার মরদেহ ঢাকায় আনা হয়। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঈদগা মাঠে জানাজার পর বারডেমের হিমঘরে রাখা হয় মরদেহ। মঙ্গলবার সকারে মরদেহ নেওয়া হয় নুহাশ পল্লীতে। সেখানে আরেকটি জানাজার পর তাকে সমাহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এমআই/২২১৩ ঘ.