২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ফের পাহাড় কেটে বসত ঘর নির্মাণ

জেলা শহরের রোয়াংছড়ি বাস স্টেশনের অদূরে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি বেআইনিভাবে পাহাড় কেটে বসত ঘর নির্মাণ করছে। এতে ভরা বর্ষা মৌসুমে যেকোনো সময় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির আশংকা করছেন এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বান্দরবান, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের রোয়াংছড়ি বাস স্টেশনের অদূরে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি বেআইনিভাবে পাহাড় কেটে বসত ঘর নির্মাণ করছে। এতে ভরা বর্ষা মৌসুমে যেকোনো সময় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির আশংকা করছেন এলাকাবাসী। পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে তোলায় গত মাসের শেষের দিকে লামার ফাইতংয়ে পাহাড় ধসে একই পরিবারের ১১জনসহ ২৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়া একই সময়ে পাহাড় ধসে লামা উপজেলার গজালিয়া ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ও ঘুমধুমে আরো ১৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, জেলা শহরের প্রাণকেন্দ্র সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পাশে রোয়াংছড়ি বাস স্টেশনের অদূরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাবুল কান্তি দাশ বিশাল পাহাড় কেটে বসত ঘর নির্মাণ করছেন। পাহাড় কাটা বন্ধে আইন এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তিনি গত সপ্তাহে রাতের আঁধারে অন্তত ৬০ জন শ্রমিক দিয়ে বিশাল পাহাড় কেটে এর পাদদেশে টিনশেডের বিশাল বসতি গড়ে তুলেছেন। গত রোববার সরেজমিন অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা মিলেছে। সেখানে গিয়ে দেখা যায়, বান্দরবান শহরের জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র ৫০০ গজ দূরে বান্দরবান-বালাঘাটা সড়কের রোয়াংছড়ি বাস স্টেশনের অদূরে টিন দিয়ে ঘেরাও দিয়ে একটি বিশাল পাহাড় কাটা হচ্ছে। প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে প্রায় ১৫টি টিনশেড বসতঘর নির্মাণ করেছেন। পাহাড়ের পাশেই একটি বিশাল ড্রেন ও সাঙ্গু নদী রয়েছে। ভাড়া দেয়ার জন্যই টিনশেডের এই বসত ঘরগুলো রাতারাতি নির্মাণ করেন বাবুল দাস। পাহাড়ের কিনারে গাছ দিয়ে মাটি আঁটকানোর চেষ্টা করা হলেও গভীর গর্ত থাকায় যেকোনো সময় সেখানে পাহাড় ধসের আশংকা রয়েছে। অথচ সেখানে ইতোমধ্যে ভাড়ায় বসবাসও শুরু হয়েছে। কিন্তু বর্ষা মৌসুমে অবৈধভাবে পাহাড় কেটে বসতি গড়ে তোলায় সেখানে ব্যাপক প্রাণহানির আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন মোল্লা অভিযোগ করেন, প্রভাবশালী বাবুল কান্তি দাশ রাতের আঁধারে ৬০ জন শ্রমিক দিয়ে এক রাতেই বিশাল পাহাড় কেটে অবৈধ এই বসতি গড়ে তোলেন। তার বসত ঘর পাহাড়ের পূর্ব অংশে। কিন্তু পাহাড় কেটে বসতি গড়ে তোলায় তার যাতায়াতের রাস্তাটিও বন্ধ হয়ে এখন চলাচলের সমস্যা হচ্ছে। এর আগে গত ২৬ জুন বান্দরবানের লামা উপজেলার ফাইতং, গজালিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও ঘুমধুম ইউনিয়নে পাহাড়ের পাদদেশে গড়ে উঠা এ ধরনের অবৈধ বসতিতে পাহাড় ধসে মাটি চাপায় শিশু ও মহিলাসহ ৪০ জন প্রাণ হারায়। আহত হয় আরো অনেকে। অসংখ্য বসতঘর পাহাড় চাপায় তছনছ হয়ে যায়। সেই ট্র্যাজেডির এক মাসের মাথায় জেলা শহরের কেন্দ্রস্থলে রাতারাতি বিশাল পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে তোলায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাহাড় কাটার অভিযোগের বিষয়ে বাবুল কান্তি দাশকে জিজ্ঞেস করা হলে প্রথমে তিনি পাহাড় কাটার কথা অস্বীকার করলেও পরে অনুমতি ছাড়াই পাহাড় কাটার কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৩০ ঘ.