ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় মঙ্গলবার ভোরে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম মো. শহীদ (২৫)। তার স্ত্রী আনিকা আক্তার মঙ্গলবার দুুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে লাশ সনাক্ত করেন। এ সময় অনিকার সঙ্গে শহীদের বাবা বাহার উদ্দিনও ছিলেন।
অনিকা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদকে সোমবার সকালে মিরপুর ১১ নম্বরের বি ব্লকে ওয়াপদা বিল্ডিং ক্যাম্পের বাসার সামনের রাস্তা থেকে ৬/৭ জন যুবক ধরে নিয়ে যায়।
কারা ধরে নিয়ে গেছে জানতে চাইলে অনিকা বলেন, “তাদেরকে সাদা পোশাকে থাকা পুলিশ মনে হয়েছে।”
শহীদ কি করতেন জানতে চাইলে শহীদের বাবা বাহার উদ্দিন বলেন, “সে ফেন্সিডিল বিক্রি করতো ও খাইতো।”
মঙ্গলবার সকালে চিড়িয়াখানার রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের গলি থেকে শহীদের লাশ উদ্ধার করে পুলিশ।
শাহআলী থানার ওসি মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে হত্যার করে পালিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।
তিনি বলেন, লাশটি পড়ে থাকার স্থানে রক্তের ছাপ রয়েছে। তাই হত্যাকাণ্ডটি সেখানে ঘটার সম্ভবনাই বেশি।
শহীদের গ্রামের বাড়ি ফরিদপুরে। চার ভাই এক বোনের মধ্যে তৃতীয় ছিলেন শহীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24