ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে নদী দূষণের দায়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ডাইং কারখানাকে পৌনে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
উপজেলার তারাবে গ্রামে অভিযান চালিয়ে অপূর্ব ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লি. নামে ওই অবৈধ কারখানাটির সন্ধান পাওয়া যায়।
পরে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার চেয়ারম্যান এ রউফ মিয়াকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ পৌনে ১১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন না করা পর্যন্ত কারখানার উৎপাদন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কারখানা থেকে তরল বর্জ্য নির্গমনের পরিমাণ ৩.৩৮ কোটি লিটার, যা জমিতে পরে ভূগর্ভস্থ পানিতে সংযুক্ত হচ্ছে এবং পর্যায়ক্রমে শীতলক্ষ্যা নদীতে পড়ছে।
এ বিষয়ে মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, “কিছু কিছু শিল্প মালিক/উদ্যোক্তা পরিবেশ আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান বা ধারণা রাখে না। পরিবেশ দূষণের ক্ষয়ক্ষতির প্রভাব সম্পর্কে এসব মালিক একেবারেই অজ্ঞ, অসচেতন। এ অবস্থার পরিবর্তন আনা অপরিহার্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৭২০ ঘ.
bdnews24