২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাছচাষি খুন

খুলনার দৌলতপুর উপজেলার এক মাছচাষিকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

খুলনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দৌলতপুর উপজেলার এক মাছচাষিকে জবাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে দীঘলিয়ার ভৈরব নদীর সেনহাটি ঘাট থেকে মোস্তাফিজুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। মোস্তাফিজ (৩০) দেয়ানা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। রোববার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মাছের ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহতের স্ত্রী রুবিনা আকতার সাংবাদিকদের বলেন, মোস্তাফিজ কিছুদিন আগে এলাকার আসাদ মোল্লার চার বিঘা জমি তিন লাখ টাকা দিয়ে দুই বছরের জন্য নেন মাছ চাষের জন্য। সপ্তাহ না যেতেই আসাদ জমি ফেরত চান। মোস্তাফিজও টাকা ফেরত পেলে জমি ছেড়ে দিতে রাজি হন। রোববার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসাদের লোক মোস্তাফিজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে দাবি করেন রুবিনা। তারপর থেকেই মোস্তাফিজ নিখোঁজ ছিলেন। সোমবার এ ঘটনায় রুবিনা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দিঘলিয়া থানার ওসি মো. রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি ঘাট এলাকায় ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মোস্তাফিজের গলা কাটা এবং তার পেটের দুই জায়গায় ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫০ ঘ.