গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের নিজের হাতে গড়া নুহাশ পল্লীকে ট্রাস্টে পরিণত করার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পিরুজালি গ্রামে এই নুহাশ পল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত হন নন্দিত কথাশিল্পী হুমায়ূন।
দাফন শেষে শাওন সাংবাদিকদের বলেন, “এই নুহাশ পাল্লীকে একটি ট্রাস্ট করতে চেয়েছিলেন হুমায়ূন। কিন্তু তিনি তা করে যেতে পারলেন না।”
“আমার যদি কোনো সুযোগ থাকে তাহলে তার ইচ্ছা পূরণে আমি চেষ্টা করব।”
১৯৯৭ সালে ৪০ বিঘা জমির ওপর নুহাশ পল্লী নামের এই বাগান বাড়ি গড়ে তোলেন হুমায়ূন। প্রায় তিনশ প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের এই বাগান এক সময় হয়ে ওঠে তার নিজের ‘জীবনের চেয়েও প্রিয়’।
ক্যান্সার চিকিৎসায় কেমো থেরাপি নেওয়া শেষে গত ১১ মে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরেন হুমায়ূন আহমেদ।
সে সময় নুহাশ পল্লীতে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, “আমার মৃত্যুর পর যদি কেউ এখানকার ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করতে চায়, তাকে মোস্ট ওয়েলকাম জানাই। মানুষের কল্যাণে এখানকার ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করতে গবেষণাগারও হতে পারে।”
নুহাশ পাল্লীকে হুমায়ূন একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বলেও জানান শাওন।
তিনি বলেন, “নুহাশ পল্লীকে ঘিরে হুমায়ূনের অনেক স্বপ্ন ছিল।”
এই স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চান তিনি।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়।
মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে।
হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন বলে আসছিলেন, এই নুহাশ পল্লীতে সমাহিত হওয়াই ছিল লেখকের শেষ ইচ্ছ। তবে সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন।
এ নিয়ে দফায় দফায় পারিবারিক বৈঠকের পর সোমবার রাত আড়াইটার দিকে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
সে অনুযায়ী দুপুরে হুমায়ূনের মরদেহ নিয়ে যাওয়া হয় নুহাশ পল্লীতে। সেখানে জানাজা শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬০৫ ঘ.
bdnews24