২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যামামলার অভিযোগ গঠন পেছাল

এক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় হুমায়ুন আজাদ হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় হুমায়ুন আজাদ হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ আগামী ১০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পরবর্তী তারিখ রেখেছেন। একইদিন মামলার অপর আসামিদের হাজির না করার কারণ জানতে কেন্দ্রীয় কারাধ্যক্ষকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পাশাপাশি আগামী ২৩ অগাস্টের মধ্যে এই প্রতিবেদন দাখিলের জন্য সময় বেঁধে দেন তিনি। মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন হওয়ার কথা ছিল। তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাদ দিয়ে গত ১৩ মে পাঁচজনকে অভিযুক্ত করে হত্যাচেষ্টা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। শুরুতে হত্যাচেষ্টা মামলা হলেও এই সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের রাস্তায় লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। কয়েক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। ১২ অগাস্ট মিউনিখে তার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলাটিকে হত্যামামলা হিসেবে রূপান্তরিত করার কারণ হিসেবে অভিযোগপত্রে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, জার্মানি থেকে পাঠানো মৃত্যু সনদ, ময়না তদন্ত প্রতিবেদন ও শবদেহ পরীক্ষার (অটোপসি) প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে হুমায়ুন আজাদ হামলার শিকার হওয়ার পর হাইপার টেনশন রোগে আক্রান্ত হন। আসামিদের আক্রমণের ফল হিসেবেই এই লেখক মারা যান। গত ১৪ মে হত্যাচেষ্টার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করে এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান। এতে মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেলকে আসামি করা হয়েছে। এরা সবাই নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় পুলিশ ২০০৭ সালের ১৪ নভেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয়। কিন্তু তাতে আপত্তি জানিয়ে বাদি মঞ্জুর কবির ২০০৯ সালের অক্টোবরে অধিকতর তদন্তের আবেদন করেন। হুমায়ুন আজাদ নিজেও চিকিৎসাধীন অবস্থায় হামলার পেছনে মৌলবাদী সংগঠন এবং সাঈদীর জড়িত থাকার ইংগিত দেন সাংবাদিকদের কাছে। এই পরিপ্রেক্ষিতে বিচারক অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ২২ মে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান দেলাওয়ার হোসাইন সাঈদী, যিনি একাত্তরে যুদ্ধাপরাধের মামলাতে অভিযুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬০২ ঘ.