ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে তর্কের জের ধরে রাজধানীর ফার্মগেইটে চারটি বাস ভাংচুর করেছে তেজগাঁও কলেজের ছাত্ররা। এক চালককেও তারা পিটিয়ে আহত করেছে।
ট্রাফিক পুলিশের উপ পরিদর্শক রুহুল আমীন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল-ক্যান্টনমেন্ট রুটের একটি বাসে করে শাহবাগের দিক থেকে ফার্মগেইটে আসার সময় কলেজ ছাত্রদের সঙ্গে চালক ও তার সহকারীর কথা কাটাকাটি হয়। ফার্মগেইটে পৌঁছানোর পর ২০-২৫ জন ছাত্র ওই বাসের চালককে ব্যাপক মারধর করে এবং বাসটি ভাংচুর করে।
তেজগাঁও কলেজের ছাত্ররা এরপর ওই রাস্তায় আরো তিনটি বাসে ভাংচুর চালায়। এ কারণে প্রায় আধ ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
তেজগাঁও থানার এএসআই মুন্সি আবদুল লোকমান জানান, পুলিশের হস্তক্ষেপে ১০টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
আহত চালক শফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এএসআই লোকমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইএচ/জেকে/১০২৫ ঘ.
bdnews24