২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের অপেক্ষায় নুহাশ পল্লী

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের দেখিয়ে যাওয়া লিচু গাছের নিচেই তাকে দাফনের প্রস্তুতি শুরু করেছেন নুহাশ পল্লীর কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 03:21 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে স্থানটি ছিল তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয় সেই নুহাশ পল্লীতেই শেষ শয্যা হচ্ছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের। প্রায় এক যুগ আগে বড় ছেলে নুহাশের নামে গাজীপুরে গড়ে তোলা এই বাগান বাড়িতে একটি লিচু গাছও হুমায়ূন এক সময় দেখিয়ে গিয়েছিলেন, যার নিচে তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান। নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ঢাকায় পরিবারের সদস্যরা লেখকের দাফনের স্থান চূড়ান্ত করার পর সকালেই তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার সকালে ঢাকা থেকে স্যারের লাশবাহী গাড়ি গজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাদ জোহর আরেকবার জানাজা হবে। তারপর এই লিচুতলাতেই তার দাফন হবে।” সকালেই সেখানে কবর খোঁড়া শুরু হয়েছে বলেও আসাদুজ্জামান জানান। সকাল ৯ টায় বারডেম হাসপাতালের হিমঘর থেকে হুমায়ূনের মরদেহ গ্রহণ করেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোতাহার হোসেন। ৯টা ২৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে কফিন নিয়ে তিনি রওনা হন গাজীপুরের দিকে। এ সময় পরিবারের অন্য কাউকে সেখানে দেখা না গেলেও কিছুক্ষণ পর উত্তরা থেকে শাওন ও তার পরিবরের কয়েকজন সদস্য লাশবাহী গাড়ির সঙ্গে যোগ দেন। এছাড়া হুমায়ূনের প্রথম স্ত্রীর ছেলে নুহাশ আহমেদ, মেয়ে শীলা ও নোভা এবং লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং তাদের দুই বোন আলাদাভাবে নুহাশপল্লীর পথে রওনা হন। এদিকে হুমায়ুন আহমেদকে শেষ বিদায় জানাতে ভক্তরা সকাল থেকেই নূহাশ পল্লীতে ভিড় করতে শুরু করেছেন। গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, নুহাশ পল্লী এলাকার আইন শৃঙ্খলা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারাও সোমবার নুহাশ পল্লী পরিদর্শন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হুমায়ুন আহমেদের দাফনের সব প্রস্তুতি জেলা প্রশাসনের রয়েছে। গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে। হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতেই স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। এই নিয়ে দিনভর টানাপোড়েন চলে। পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। নানকের বাড়িতে তখন ছিলেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রীর তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন; যারা নুহাশ পল্লীতে বাবার দাফনে আপত্তি জানিয়ে আসছিলেন। জাফর ইকবালের কথায় স্পষ্ট, তার ভাইয়ের তিন সন্তান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের পক্ষে থাকলেও কার্যত বাধ্য হয়ে নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। “তার প্রথম পক্ষের সন্তানরা খুব করে চাচ্ছিল, তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে। তাহলে তারা সহজে যেতে পারত। দেশের মানুষও সহজে যেতে পারত। আমাদের মা-ও এটা চাচ্ছিলেন। আমরা দিনভর শাওনকে বোঝাতে চেষ্টা করেছি। বোঝাতে পারলে ভাল হত, কিন্তু বোঝাতে পারিনি,” বলেন তিনি। শাওনের দাবি মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “তার (হুমায়ূন) সন্তানরা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করতে চাইলেও তারা এটাও চায়নি যে তাদের বাবা বারডেমের হিমঘরে থাকুক। তারা যে কোনোভাবে তাকে মাটির নিচে ফিরিয়ে দিতে চায়। এই জন্য নুহাশ পল্লীতে কবর দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আর দেশের মানুষও যেন মনে না করতে পারে যে আমরা তাকে নিয়ে টানা-হেঁচড়া করছি।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাফর ইকবালের সঙ্গে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। নুহাশ পল্লীতে কোথায় সমাহিত করা হবে এবং সেখানে নোভা, শীলা ও নুহাশ যাবেন কি না- প্রশ্ন করা হলে জাফর ইকবাল বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় হুমায়ূনের ধানমণ্ডির বাড়ি দখিন হাওয়ায় অবস্থানকারী শাওন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩৫ ঘ.