ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের আড়ং ও গুলশান শুটিং ক্লাবের কাছে নবনির্মিত ৪০ মিটার দীর্ঘ সংযোগ সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সোমবার বিকেলে এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রায় সাত কোটি টাকা ব্যয়ে এ সংযোগ সেতুটি নির্মাণ করেছে।
এই সংযোগ সেতুটি গুলশান ও তেজগাঁও এলাকার সংযোগ সড়কসহ আশেপাশের এলাকার যানজট কমিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন নানক।
ডিএনসিসি’র প্রশাসক শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৩১ ঘ.
bdnews24