শেরপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর-শ্রীবরদী সড়কের কুড়িকাহনীয়ায় ঝুলন্ত পুরনো ইস্পাত সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানিসহ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রায় চলাচলের অযোগ্য এই সেতুটি ভেঙ্গে পড়লে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে শ্রীবরদী, জামালপুরের বক্শীগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িকাহনীয়া খালের ওপর স্টিলের তৈরি ঝুলন্ত সেতুটি খুবই নাজুক অবস্থায় রয়েছে। ১৯৮৮ সালের বন্যায় বিধ্বস্ত হওয়ার পর এটি সংস্কার করা হয়। গত কয়েক বছর ধরে সেতুটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাঁচ টনের বেশি মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিন ঝুঁকি নিয়ে ২০/৩০ মেট্রিক টন মালামাল নিয়ে যান চলাচল করছে।
এলাকাবাসী মো. আনিসুর রহমান ও কুড়িকাহনীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্দুর রাজ্জাক জানান, সেতুর পাটাতনের ইস্পাতের পাতগুলোর সংযোগ চ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক জায়গায় ইস্পাত ভেঙ্গে গেছে। সেতুর কয়েকটি স্থানের ঢালাই উঠে গিয়ে ফাঁটল দেখা দিয়েছে। প্রতিদিনই এই সেতুতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
এলাকার সিএনজি অটোরিকশা চালক জিন্নত আলী বলেণ, প্রায়ই সেতুর ফাঁটলে রিকশা ভ্যান, সিএনজি অটোরিকশার চাকা আটকে যাচ্ছে। অনেক সময় যাত্রীরাও খালে পড়ে যাচ্ছেন।
শেরপুর জেলার জ্যেষ্ঠ আইনজীবী মো. দেলোয়ার হোসেন জানান, জরাজীর্ণ এই সেতুর জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য একাধিকবার জরিপ করা হলেও কাজ শুরু হয়নি।
এবিষয়ে শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যেই কুড়িকাহনীয়া এলাকায় সেতু নির্মাণের জন্য ২ কোটি ৪৯ লাখ টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে এ বছর টেন্ডার আহ্বান করে আগামী এক বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১০৭ ঘ.
bdnews24