ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদকে সমাহিত করতে চাইলেও লেখকের বড় সন্তানরা তার বিপরীত অবস্থান নিয়েছেন।
হুমায়ূনের বড় মেয়ে নোভা আহমেদ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন, তার বাবা বেঁচে থাকতেই বলেছেন, নুহাশ পল্লী কবরস্থান হোক- তা তিনি চান না।
“এই বিষয়ে ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। আমরা চাই, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান বা অন্য কোথাও কবর হোক, নুহাশ পল্লীতে নয়। আমরা চাই, এমন একটা জায়গায় কবর হোক, যেখানে সবাই যেতে পারে।”
যত দ্রুত সম্ভব, হুমায়ূনকে দাফনের বন্দোবস্ত করার ওপর জোর দিয়েছেন সন্তানরা। নোভা বলেন, “বাবাকে এই অবস্থায় দেখে আমাদের খুব খারাপ লাগছে।”
নোভার সঙ্গে বোন শীলা আহমেদ ও ভাই নুহাশ হুমায়ূনও ছিলেন। শীলা ও নোভার স্বামীরাও ছিলেন সেখানে।
মিরপুরে চাচা আহসান হাবীবের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে নোভা কথা বলার আগে হুমায়ূনের দাফন নিয়ে পারিবারিক আলোচনা হয়।
নোভার চাচি মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক সাংবাদিকদের বলেন, “এরা হুমায়ূন আহমেদের সন্তান। কোথায় দাফন হবে, সে বিষয়ে তাদের স্ট্যান্ড (অবস্থান) আছে।”
তবে নোভাদের এই অবস্থান পরিবারের মিলিত সিদ্ধান্ত নয় জানিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে পরিবারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
মিরপুরের বাড়িতে হুমায়ূন আহমেদের ভাই-বোন ও প্রথম স্ত্রীর সন্তানরা থাকলেও ছিলেন না লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি রয়েছেন হুমায়ূনের ধানমণ্ডির বাড়ি দখিন হাওয়ায়।
যুক্তরাষ্ট্র থেকে স্বামীর লাশ নিয়ে ফেরা শাওন শহীদ মিনারে সাংবাদিকদের বলেছিলেন, হুমায়ূন মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, তাকে যেন গাজীপুরের নুহাশ পল্লীতেই দাফন করা হয়।
হুমায়ূন নিজে এক সময় নুহাশ পল্লীতে তাকে সমাহিত করার কথা বললেও অসুস্থতার সময় দেশে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ূন বলেছিলেন, কবরকে কেন্দ্র করে নুহাশ পল্লীতে মাজার তৈরি হোক তা তিনি চান না।
শাওন ও হুমায়ূনের দুই সন্তান নিষাদ ও নিনিত এখনো শিশু। প্রথম স্ত্রী গুলতেকিনের গর্ভে জন্ম হুমায়ূনের চার সন্তান নোভা, শীলা, বিপাশা ও নুহাশের।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। সোমবার সকালে তার মরদেহ দেশে আসে। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর লেখকের মরদেহ এখন বারডেমের হিমঘরে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচএ/এমআই/২০৫৫ ঘ.
bdnews24