২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূরণ হলো না ‘শেষ দেখার’ আশা

প্রিয় লেখককে শেষ শ্রদ্ধা জানাতে মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন ইকবাল হোসেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দুপুর ২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে ঢুকতে না পারায় সে আশা আর পূরণ হয়নি তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিয় লেখককে শেষ শ্রদ্ধা জানাতে মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন ইকবাল হোসেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দুপুর ২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে ঢুকতে না পারায় সে আশা আর পূরণ হয়নি তার। হুমায়ূন আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে আসা অনেককেই ইকবালের মতো ফুল হাতে করেই ফিরতে হয়েছে। তবে এদের মধ্যে বড় একটি অংশ শহীদ মিনার থেকে চলে গিয়েছেন জাতীয় ঈদগাহে, অংশ নিয়েছেন লেখকের জানাজায়। সোমবার দুপুর ২টায় শ্রদ্ধা নিবেদন পর্বের ইতি টেনে হুমায়ূন আহমেদের ছোট ভাই অধ্যাপক জাফর ইকবাল বলেন, “অনেকেই লেখককে শেষ শ্রদ্ধা জানাতে পারেননি, এজন্য লেখকের পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।” নরসিংদী থেকে আসা মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষ শ্রদ্ধা জানাতে পারিনি তাতে ক্ষোভ নেই, প্রিয় লেখকের খুব কাছে ছিলাম সেটাই বড় প্রাপ্তি।” গাজীপুর থেকে আসা মোসলেম আহমদে বলেন, লেখকের চেহারা শেষবারের মতো দেখার খুব ইচ্ছা ছিল, তবে কফিনের মুখ ঢাকা থাকায় তা আর হলো না।” বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল তানজিম জানান, দুপুর ১টায় দোয়েল চত্বরের সামনে লাইনে দাঁড়ালেও কফিন পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হুমায়ূনের মরদেহ দেশে পৌঁছায়। ১০টা ২২ মিনিটে তার কফিনবাহী অ্যাম্বুলেন্স শহীদ মিনারে পৌঁছায়। প্রিয় লেখককে শেষবারের মতো দেখতে সকাল ৮টা থেকেই সেখানে ভিড় করে অজস্র মানুষ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে জানানো হয়, হুমায়ূনকে মঙ্গলবার দাফন করা হবে। কোথায় তাকে সমাহিত করা হবে তা জানা যাবে সন্ধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআই/এসইউ/১৭৫০ ঘ.