ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শামসুন্নাহার হলে পুলিশি নির্যাতনের প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে ওই ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে ‘শামসুন্নাহার হল সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে ক্যাম্পাসে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা।
২০০২ সালের ২৩ জুলাই তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের নেত্রীদের সহযোগিতায় মধ্যরাতে পুলিশের পুরুষ সদস্যরা শামসুন নাহার হলের ভেতরে ঢুকে ছাত্রীদের লাঠিপেটা করে।
সে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত কয়েক বছর ধরে ছাত্রছাত্রীরা দিবসটি উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
এ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এদিন দেয়াল লিখন ও অপারেজয় বাংলায় ‘রক্তাম্বর ধারিণী হবো সময়ের প্রয়োজনে’ শীর্ষক আলোকচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখা।
এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও দেয়ালচিত্র অঙ্কন ও ভাঁজপত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৬৪৭ ঘ.
bdnews24