ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিলে কান্দিস না আমার দায়- এটা ছিল হুমায়ূন আহেমেদের প্রিয় একটি গান। তবে নন্দিত এই কথাশিল্পীকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত, পাঠক, বন্ধু, সহকর্মী, ছাত্র বা স্বজন- কারো অশ্রুই বাঁধ মানেনি।
সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই লেখকের মরদেহ দেশে পৌঁছানোর পর ১০টা ২২ মিনিটে তার কফিনবাহী অ্যাম্বুলেন্স শহীদ মিনারে পৌঁছায়। প্রিয় লেখককে শেষবারের মতো দেখতে সকাল ৮টা থেকেই সেখানে ভিড় করে অজ¯্র মানুষ।
হুমায়ূনের কফিন রাখা হয় শহীদ মিনার চত্বরের উত্তর পাশে নির্মিত শোক মঞ্চে। লাল গালিচা দিয়ে হেঁটে এসে সবার আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে লেখকের কফিনে ফুল দেন তার সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ।
এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দেন তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর।
শোক মঞ্চের পেছনে হুমায়ূনের প্রথম স্ত্রীর তিন সন্তান নোভা, শীলা ও নুহাশ, লেখকের দুই ভাই আহসান হাবীব ও জাফর ইকবাল, তাদের দুই বোন, জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হকের মুখে এ সময় ছিল বোবা কষ্ট, চোখে অশ্রু।
কিছুক্ষণ পর হুমায়ূনের মা আয়েশা ফয়েজ এবং তারপর লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন উপস্থিত হন শোক মঞ্চে। এ সময় তরুণ নুহাশকে কফিন জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদতে দেখা যায়, যার পরনে ছিল বাবার সৃষ্ট চরিত্র হিমুর সেই হলুদ পাঞ্জাবি।
হুমায়ূনের দীর্ঘদিনের বন্ধু প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকও কফিনের পাশে দাঁড়িয়ে ছিলেন বিষণœ মুখে।
আওয়ামী লীগের পক্ষে জাতীয় সংসদের উপনেতা ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক ফুল দিয়ে হুমায়ূনের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
সাজেদা চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ, শরৎচদ্র ও শামসুর রাহমানের মতো হুমায়ূন আহমেদও আমাদের সাহিত্যে অমূল্য অবদান রেখে গেছেন। তিনি আমাদের দেশের তরুণ সমাজকে বই পড়তে উদ্বুদ্ধ করে গেছেন। নাটক ও চলচ্চিত্রে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন।”
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষে সভাপতি হাসানুল হক ইনু ও নারীনেত্রী শিরিন আক্তার ফুল দেন।
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, “সাহিত্য, চলচ্চিত্র নাটকসহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে হুমায়ূন চলে গেলেন। অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
হুমায়ূন আহমেদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, হুমায়ূনের কিছু লেখা স্কুল কলেজের পাঠসূচিতে আনারও চিন্তাভাবনা চলছে।
প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে হুমায়ূনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খায়রুল কবির খোকনসহ কয়েকজন নেতা।
এছাড়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন, বুয়েট উপাচার্য এসএম নজুরুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, পুলিশের অতিরিক্ত আইজি শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও দল এবং নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন এই লেখককে।
বাংলাদেশ টেলিভিশন ছাড়াও পাঁচটি বেসরকারি টেলিভিশন শহদি মিনার থেকে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করে। শহীদ মিনারে খোলা হয় দুটো শোক বই।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হন পরিবারের সদস্যরা।
সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তার কফিনবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সুসজ্জিত একদল পুলিশ সদস্য কাঁধে করে বিমান থেকে তার কফিন নামিয়ে নিয়ে যান ফুলে ফুলে সাজানো একটি অ্যাম্বুলেন্সে।
হুমায়ূনের মরদেহ নিয়ে একই বিমানে দেশে পৌঁছান তার স্ত্রী মেহের আফরোজ শাওন, তাদের দুই ছেলে নিষাদ ও নিনিত, শাওনের মা তহুরা আলী, বোন সেঁজুতি এম আফরোজ এবং পারিবারিক বন্ধু প্রকাশক মাজহারুল ইসলাম।
বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে লেখকের মরদেহ গ্রহণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। এ সময় সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, হুমায়ূনের দুই ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে। তবে কোথায় তাকে সমাহিত করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
লেখকের স্ত্রী শাওন অশ্রুভেজা কণ্ঠে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “উনার শেষ ইচ্ছা ছিল নুহাশ পল্লী। উনাকে আর কষ্ট দিয়েন না। নুহাশ পল্লীতেই ব্যবস্থা করেন।”
তবে এর আগে আহসান হাবীব সাংবাদিকদের বলেন, “কোনো সমস্যা না থাকলে আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।”
হুমায়ূনের আরেক ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শহীদ মিনারে বেলা ২টা পর্যন্ত লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এরপর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউএম/এলএইচ/এআরএইচ/কেটি/এমএমআর/এএসটি/এসআই/জেকে/১০২৩ ঘ.
bdnews24