ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই আশায় ছিল- চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। হুমায়ূন আহমেদ দেশের মাটিতে ফিরেছেন, তবে কফিনে বন্দি হয়ে।
সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তার কফিনবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। পুলিশ সদস্যরা কাঁধে করে বিমান থেকে তার কফিন নামিয়ে ক্যারিয়ারে রাখেন। এ সময় একপাশে কাঁধ দেন হুমায়ূনের ছেলে নুহাশ, যার পরনে ছিল বাবার সৃষ্ট চরিত্র হিমুর সেই হলুদ পাঞ্জাবি।
হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে।
সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো সমস্যা না আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।”
শাওন, তাদের দুই ছেলে নিষাদ ও নিনিত, শাওনের মা তহুরা আলী, বোন সেঁজুতি এম আফরোজ এবং পারিবারিক বন্ধু প্রকাশক মাজহারুল ইসলামও একই বিমানে দেশে পৌঁছেছেন।
হুমায়ূনের দুই ভাই আহসান হাবীব ও মুহম্মদ জাফর ইকবাল, তাদের দুই বোন, হুমায়ূনের প্রথম স্ত্রীর তিন সন্তান নোভা, শীলা ও নুহাশ এবং পরিবারের ঘনিষ্ঠজনরা সকালেই বিমানবন্দরে পৌঁছান। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও ভক্তরা ভিড় করেন বিমানবন্দর টার্মিনাল ভবনে।
লেখকের মরদেহ নিয়ে যাওয়ার জন্য ফুল দিয়ে সাজিয়ে একটি অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হন পরিবারের সদস্যরা।
আহসান হাবীব জানান, দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লেখকের কফিন সরাসরি ধানমণ্ডিতে তার বাড়ি দখিন হাওয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিমানবন্দর থেকেই মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে।
সার্বিক পরিস্থিতি তদারক করতে বিমানবন্দরে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর।
শাকিল বলেন, “আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছ্ি লেখকের মরদেহ পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার পথ নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএচিএ/এসইউএম/জেকে/০৯২০ ঘ.
bdnews24