রংপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষকদের একাংশ শনিবার মানববন্ধন করেছেন।
তবে শিক্ষকদের আরেক অংশ এই মানবন্ধন বর্জন করেছেন। তারা এই কর্মসূচি উপাচার্যকে বাঁচানোর কৌশল বলে দাবি করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক শাহাজাহান আলী ম-ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উপাচার্যের পক্ষে ৬৫ জন শিক্ষক মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন করেন।
মানববন্ধনে এ অংশের সদস্য সচিব অধ্যাপক রাফিউল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।”
এদিকে মানববন্ধন বর্জনকারী মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষে এর আহবায়ক ড. তুহিন ওয়াদুদ বলেন, “উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্ত হওয়ার কথা জানার পর এই মানববন্ধন করা হয়েছে।”
তিনি বলেন, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত কমিটি গঠন করেছে বলে তারা শুনেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
গণমাধ্যমে কথা না বলা বিষয়ে প্রজ্ঞাপন জারির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত নিবন্ধক শাহাজাহান আলী ম-ল প্রজ্ঞাপন জারিরর কথা স্বীকার করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি জনসংযোগ বিভাগ আছে। সে কারণে কোনো কিছু বললে এর মাধ্যমেই বলা উচিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩১ ঘ.
bdnews24