নারায়ণগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী হামীম বাহিনী প্রধান হামীম হাসান কক্সবাজারের একটি হোটেলে মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের কলাতলীর একটি কটেজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
হামিম চলচ্চিত্র অভিনেতা রেজাউল করীম আদিলের ছেলে তিনি। তারা শহরের উত্তর চাষাঢ়া এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে হত্যা, চাদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ জুলাই শহরের ঘনবসতিপূর্ণ জামতলায় এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল আলম মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামী ছিলেন হামিম।
এ হত্যাকা-ের পর থেকেই তিনি পলাতক ছিল।
কক্সবাজারের একটি হোটেলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কলাতলী এলাকার বিএম রিসোর্টের ১০৫ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে হামীমের লাশ উদ্ধার করা হয়।
তিনি হাফিজ (৩৫) পরিচয়ে সেখানে অবস্থান করছিলেন। তার মোবাইল ফোনের সূত্রে তার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
“অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে“ বলে ধারণা করছেন এসআই।
হামীমের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৩০ঘ.
bdnews24